দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এসে মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন সাকিব আল হাসান। নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন টাইগার অধিনায়ক। জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন সাকিব।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাকিবকে শপথ বাক্য পড়ান।
শপথ নিতে এসে সাকিব আল হাসান সাংবাদিকদের বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’
