সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক আহত হয়েছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা সদরের পাশের গ্রাম পূর্ব মাছিমপুর ও নৈনগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ৩০ জনেরও বেশি গুলিবিদ্ধ হয়েছেন। এদের বেশিরভাগই পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাতে পূর্ব মাছিমপুরের ঈগল মার্কার সমর্থক শামীম আহমদের সঙ্গে পাশের নৈনগাঁও গ্রামের নৌকার সমর্থক আবুল মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে আবুল মিয়ার সমর্থকরা শামীম আহমদের পূর্ব মাছিম পুরের বাড়িতে ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশ রাতেই পরিস্থিতি শান্ত করে দুই পক্ষকে সরিয়ে দেয়। সকালে আবুল মিয়া দোয়ারা বাজারের বাসভবনে এলে শামীম আহমদের লোকজন হামলা করে। এই ঘটনার খবর নৈনগাঁও গ্রামে পৌঁছালে আবুল মিয়ার পক্ষের নৈনগাঁও গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরে এসে সংঘর্ষ লিপ্ত হয়। এতে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, দুই পক্ষের সংঘর্ষ থামতে রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে জড়িত ৯ জনকে আটক করা হয়ছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
