ঘুষ নিয়ে জব্দ বন্ড সুবিধার কোটি টাকার পণ্যছাড়!

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫১ এএম

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের কিছু কর্মকর্তা মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে মিথ্যা ঘোষণায় বন্ড সুবিধায় আনা জব্দ করা কোটি টাকার গার্মেন্টস পণ্য ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি কাভার্ড ভ্যানভর্তি এসব পণ্য গত ২ জানুয়ারি নগরীর সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছিল।

ওই অভিযানে নেতৃত্ব দেন সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম। জানা গেছে, জব্দের সাত দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় পণ্যভর্তি কাভার্ড ভ্যান দুটি ছেড়ে দেওয়া হয়। মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে কোনো ধরনের শুল্ক আরোপ, জরিমানা বা সংশ্লিষ্ট থানায় ফৌজদারি অভিযোগ ছাড়াই পণ্যভর্তি কাভার্ড ভ্যান দুটি ছেড়ে দিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম কার্যালয়ের কিছু কর্মকর্তা। পণ্যভর্তি কাভার্ড ভ্যান দুটি আটকের পর নগরীর সাগরিকা এলাকায় কাস্টমস বন্ড কমিশনারেট (বন্ড এলাকা-১৯) কার্যালয়ে রাখার একটি ভিডিও ক্লিপ দেশ রূপান্তরের হাতে এসেছে।

জব্দ করা পণ্যগুলো কোন প্রতিষ্ঠানের ছিল জানতে চাইলে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তবে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে জব্দ করা বন্ড সুবিধার কোটি টাকার পণ্য ছেড়ে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। এই কর্মকর্তার দাবি, পণ্যগুলো জব্দের পর শুনানি করে আদেশ দিয়েছেন রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। এরপর সংশ্লিষ্ট আমদানিকারক জরিমানা পরিশোধ করলে পণ্যগুলো ছাড় করা হয়। তবে কত টাকা জরিমানা করা হয়েছে বা পণ্যগুলো কোন প্রতিষ্ঠানের সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

গতকাল বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ প্রসঙ্গে জানতে চাইলে রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বন্ড সুবিধার জব্দ পণ্যগুলো জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ তবে পণ্যগুলো কোন প্রতিষ্ঠানের বা কত টাকা জরিমানা করা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ফাইলপত্র দেখে আপনাকে বিষয়টি জানাব।’

কিন্তু গতকাল সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। অভিযোগ আছে, নগরীর সাগরিকা এলাকার একটি পোশাক কারখানা দীর্ঘদিন ধরে শুল্ক ও কর ফাঁকি দিয়ে বন্ড সুবিধায় আনা ফেব্রিকস খোলা বাজারে বিক্রি করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত