নির্বাচনী সহিংসতা

মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫০ এএম

মেহেরপুর-১ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসকে (৭০) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারিক হাকিম জাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক সৌমেন জানান, জিয়াউদ্দিন বিশ্বাসসহ সহিংসতার ঘটনায় করা মামলার ১৮ আসামি গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালতে অন্যদের মঞ্জুর হলেও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের জামিন নাকচ হয়ে যায়।

তিনি জানান, আদালতে আসামিদের পক্ষে জামিন শুনানি করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীসহ আরও কয়েকজন। রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য।

মামলার নথি থেকে জানা যায়, মেহেরপুর-১ আসনে নৌকার বিজয় উপলক্ষে নির্বাচনের পরদিন মুজিবনগর উপজেলার বাগুয়ান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মেনতার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় জিয়াউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা বাড়ি থেকে বের হয়ে মিছিলে থাকা মেনতার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরদিন আওয়ামী লীগ কর্মী আলতাফ হোসেন বাদী হয়ে জিয়াউদ্দিন বিশ্বাসসহ ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত