দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন রাজশাহীর দুটি আসনের স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন রাজশাহী-১ আসনের গোলাম রাব্বানী ও রাজশাহী-৬ আসনের রাহেনুল হক রায়হান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলন করে অনিয়মের অভিযোগ তুলে ধরেন এই দুই প্রার্থী। দুই নেতাই এবারের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তারা।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রথমে সংবাদ সম্মেলন করেন রাহেনুল হক রায়হান। এ সময় তিনি নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ফল বাতিলের দাবি জানান।
রাহেনুল হক রায়হান বলেন, ‘ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে। আমি সন্তুষ্ট নই, আমি মনে করি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থী কালো টাকা ব্যবহার করেছেন। নির্বাচনের পরেও আমাদের কর্মীদের একের পর এক মারধরসহ বাড়িঘর পোড়ানো হচ্ছে, আমার কর্মীরা অনেকে এখন মেডিকেলে ভর্তি আছেন।’
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে রায়হান বলেন, ‘যারা ভোটের কাজে নিয়োজিত ছিলেন পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার, তাদের আচরণ পক্ষপাতিত্বমূলক ছিল। আমি যখন বিভিন্ন কেন্দ্রে যাই, তখন দেখেছি কক্ষ বন্ধ রেখে তারা কাজ করছিল। আমি তাদের প্রশ্ন করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।’
রাহেনুল হক রায়হান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এখানে মনোনয়ন পান বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রায়হানের সংবাদ সম্মেলন শেষে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী। ভোটের পর নির্বাচিত সংসদ সদস্য তার কর্মী-সমর্থকদের নির্যাতন করছেন বলেও অভিযোগ করেন রাব্বানী।
লিখিত বক্তব্যে গোলাম রাব্বানী বলেন, ‘প্রকৃতপক্ষেই আমি ভোটে জয়যুক্ত হয়েছি বলে মনে করি। কিন্তু ভোটের ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত দেখানো হয়েছে। যার যথেষ্ট তথ্য-উপাত্ত আমার কাছে আছে। ভোটের দিন বাইরের পরিবেশ স্বাভাবিক থাকলেও গোদাগাড়ী তানোরের বিভিন্ন ভোটকেন্দ্রে অদৃশ্য শক্তির ইশারায় গোদাগাড়ী তানোরের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন চেয়ারম্যানের সহযোগিতায় ও প্রিসাইডিং অফিসাররা ভোটের ফলাফল পরিবর্তন করেছে। কৌশলে প্রিসাইডিং অফিসাররা আমার এজেন্টদের কাছ থেকে ফলাফলের আগেই ফলাফল শিটে স্বাক্ষর করে নিয়ে তাদের ভোট গণনার সময় কেন্দ্র থেকে বের করে দেয়।’
গোলাম রাব্বানী নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গোদাগাড়ী-তানোরে পুনঃভোটের জোর দাবি জানান।
