২০২৩ সাল ছিল নোভাক জকোভিচের জীবনের সেরা সময়। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের পাশে বসেন তিনি। তার আগে ছাপিয়ে যান রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড। এবার লক্ষ্য ২৫তম গ্র্যান্ড স্ল্যামের। এককভাবে শ্রেষ্ঠত্বের তাজ মাথায় পরার। সোমবার মাঠে গড়াচ্ছে বছরের প্র্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে একটি প্রীতি ম্যাচে স্টেফানোস সিতসিপাসের বিপক্ষে মেলবোর্নের কোর্টে নামেন জকোভিচ।
গত বছর ফাইনালে স্টেফানোস সিতসিপাসকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো মেলবোর্ন পার্কে শিরোপা উদযাপন করেন ৩৬ বছর বয়সী জকোভিচ। পাশাপাশি ২০২৩ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের শিরোপাও জেতেন টেনিসের এই নাম্বার ওয়ান। কিন্তু উইম্বলডনের রুদ্ধশ্বাস ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যান তিনি। হ্যামস্ট্রিং চোটের কারণে গত অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি ২০ বছর বয়সী আলকারাজের। দুটি গ্র্যান্ড স্ল্যাম ও র্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থান নিয়ে এবার তিনি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাচ্ছেন।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল হতে পারতেন জকোভিচের জন্য চিন্তার কারণ। কিন্তু আসরটি খেলাই হচ্ছে না স্প্যানিশ টেনিস কিংবদন্তির। চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন নাদাল। জকোভিচ নিজেও পুরো ফিট নন তিনি, কব্জির চোটে ভুগতে হচ্ছে তাকে। ইউনাইটেড কাপে সার্বিয়ার হয়ে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান অ্যালেক্স ডি মিনরের বিপক্ষে ৬-৪, ৬-৪ গেমে হারেন তিনি।
ডি মিনরের বিপক্ষে হারের পর জোকোভিচ বলেছিলেন, 'আমি মনে করি অস্ট্রেলিয়ান ওপেনের আগে নিজেকে সঠিকভাবে ফিরিয়ে আনতে আমি যথেষ্ঠ সময় পাবো। এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমি ফিট থাকি, পারফরম্যান্সের সর্বোচ্চ পর্যায়ে থাকি। তখন আমি স্ল্যাম কিংবা অন্য যেকোনো টুর্নামেন্টে জিততে পারি। ওই সময় আমার মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করে না। আমি আরও বেশি রেকর্ড ভাঙতে চাই, টেনিসে আরও বেশি করে ইতিহাস গড়তে চাই, এটা এখন আর গোপন কোনো বিষয় নয়।'
বাছা্ই পর্ব আজ থেকে শুরু হলেও জকোভিচরা মাঠে নামবেন মূল পর্বে আগামী ১৪ জানুয়ারি থেকে।
