পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানি উদ্ভাবন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:০২ এএম

তেল, গ্যাস ও কয়লার বাজার অস্থিতিশীল এবং এসব জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়তে থাকা এবং পরিবেশ দূষণের কারণে বিদ্যুৎ উৎপাদনে পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে পরমাণুর ব্যবহার বাড়ছে। পরমাণু শক্তির ব্যবহার বাড়াতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা চালিয়ে যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটম।

সেই ধারাবাহিকতায় এবার নতুন ধরনের ইউরেনিয়াম-প্লুটোনিয়াম মক্স ফুয়েল উদ্ভাবন করেছে রুশ প্রতিষ্ঠানটি। রাশিয়ায় রসাটমের একটি কারখানায় নতুন এই জ্বালানির তিনটি অ্যাসেম্বলি তৈরি হয়েছে যার পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

খুব শিগগিরই এগুলো রাশিয়ার বেলাইয়ার্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিএন-৮০০ ফাস্ট নিউট্রন রিঅ্যাক্টরে লোড করা হবে বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রসাটম।

নতুন ধরনের এই জ্বালানিটিতে অ্যামেরিসিয়াম-২৪১ এবং নেপচুনিয়াম-২৩৭-এর মতো মাইনর অ্যাকটিনিড যুক্ত করা হয়েছে। এই জ্বালানি প্রায় দেড় বছর পরীক্ষামূলকভাবে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হবে।

রসাটমের টেভেল ফুয়েল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্ডার উগ্রিউমভ বলেন, ‘নতুন মিশ্র এই জ্বালানি ব্যবহারের ফলে পারমাণবিক বর্জ্যরে পরিমাণ অনেকাংশেই হ্রাস করা সম্ভব হবে এবং একই সঙ্গে এই বর্জ্যরে তেজস্ক্রিয়াতাও অনেকাংশে কমে যাবে। তাতে পারমাণবিক বর্জ্যরে চূড়ান্ত সংরক্ষণ প্রক্রিয়ার ব্যয় কমে আসবে।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন বাংলাদেশের প্রথম বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। এই বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিঅ্যাক্টর, যেগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদাপূরণে সক্ষম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত