ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতভর পৈশাচিক নির্যাতন চালিয়ে রাসেল (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে প্রকাশ পেয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বির নেতৃত্বে গত মঙ্গলবার রাতে রাসেলকে নির্যাতনের দৃশ্য। গত বুধবার ভোরে স্বজনরা রাব্বির অফিস থেকে অচেতন অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রাসেল বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের তোফাজ্জল হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানসহ পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। রাসেল সহযোগী হিসেবে চাঁদা আদায়ের কাজ করতেন।
রাসেলের স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, চাঁদার হিস্যা নিয়ে দ্বন্দ্বের জেরে আফতাব হোসেন রাব্বির নেতৃত্বে তারই এক সময়ের সহযোগী রাসেলকে হত্যা করা হয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি দেশ রূপান্তরকে বলেন, রাব্বির পক্ষে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করতেন রাসেল। সম্প্রতি চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে রাসেলকে সন্দেহ করেন রাব্বি। যার জের ধরে মঙ্গলবার রাতে তেলঘাট এলাকার পারভীন টাওয়ারের নিচতলায় রাব্বির অফিসে ডেকে আনা হয় রাসেলকে। সেখানে সবাই মিলে মদ্যপান করে। এরপর রাব্বির নেতৃত্বে রাসেলের ওপর শুরু হয় অমানুসিক নির্যাতন। চলে রাতভর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেছে দেখা যায়, রাসেলের পরনে কোনো জামা নেই। খালি গায়ে থাকা রাসেলকে কয়েকজন টানাহেঁচড়া করছেন। সে সময় রাসেল রাব্বিকে বলছেন, ‘আব্বা আব্বা, রাব্বি আব্বা আমাকে বাঁচান।’
অন্য একটি ভিডিওতে দেখা যায়, অচেতন অবস্থায় বসিয়ে রাখা হয়েছে রাসেলকে। একজন তাকে গালাগাল করছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে নিথর দেহ রাসেলের। নাক দিয়ে রক্ত ঝড়ছে। কেউ একজন সেটা মুছে দিচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, রাব্বির বাবা শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী বাসের উদ্দিন। এ ছাড়া তার চাচা ইকবাল হোসেন শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান। বছরখানেক আগে বাবা ও চাচার প্রভাব খাটিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদ ভাগিয়ে নেন। পদ পাওয়ার পর বিশাল বাহিনী নিয়ে চলাফেরা শুরু করেন রাব্বি। তার বাহিনীর লোকজন স্থানীয় বিচার শালিস থেকে শুরু করে বিভিন্ন দোকানদার ও রাস্তাঘাট থেকে চাঁদা আদায় করে থাকেন।
এদিকে রাসেলকে হত্যার ঘটনায় বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রাসেলের বাবা তোফাজ্জল হাওলাদার একটি মামলা করেছেন। মামলায় রাব্বিসহ ১৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহবুব আলম জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
