চার সপ্তাহ মামলা চালাতে পারবেন না দুই আইনজীবী

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ এএম

আদালত বর্জনের কর্মসূচি জানিয়ে প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্যের ব্যাখ্যা দিতে চার সপ্তাহ সময় পেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন জ্যেষ্ঠ দুই আইনজীবী মোহাম্মদ মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদল। এ সময়ের মধ্যে তারা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না।

গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

গত বছরের মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনকে (২০২৩-২৪ মেয়াদে) কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের সমর্থনে সুপ্রিম কোর্ট বারের একটি আহ্বায়ক (অ্যাডহক) কমিটি গঠন করেছিলেন কয়েকজন আইনজীবী। এতে মহসিন রশীদকে আহ্বায়ক ও শাহ আহমেদ বাদলকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। গত ২৭ ডিসেম্বর বিএনপিপন্থি আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবি করে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। পরে এ বিষয়টি অবহিত করে এই দুই আইনজীবী প্রধান বিচারপতির উদ্দেশে একটি চিঠি দেন।

গত ৩ জানুয়ারি আপিল বিভাগ স্বতঃপ্রণোদিত এক আদেশে মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদলকে তলব করে কোনো ধরনের ব্যর্থতা ছাড়া ১১ জানুয়ারি (গতকাল) সকাল ৯টায় আপিল বিভাগে হাজিরের নির্দেশ দেয়। ওইদিন আদেশে আপিল বিভাগ বলে, এ ধরনের চিঠি বিচার বিভাগের মর্যাদা ও অবস্থানের জন্য অবমাননাকর। এরই ধারাবাহিকতায় দুই আইনজীবী আদলতে হাজির হন।

দুই আইনজীবীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তিনি সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর এ আদেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত