হবিগঞ্জের মাধবপুর সম্পত্তির বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সুভাষ পাল (৫৫)। সুভাষের পিতার নাম জয়চন্দ্র পাল। আজ শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ৯টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুভাষ পাল নোয়াপাড়া বাজারে ফার্মেসী ব্যবসা করতেন। আজ শুক্রবার সকালে পারিবারিক বিরোধের জেরে সুভাষের সঙ্গে তার ভাই শ্রীবাস পাল ও সুমিত পালের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে নোয়াপাড়া বাজারের নিজ ফার্মেসীতে গিয়ে সুভাষ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন প্রথমে নোয়াপাড়াস্থ পপুলার হাসপাতালে ও পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুভাষকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক সুজন শ্যাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত সুভাষের সুরতহাল করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে সুজন শ্যাম জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানিয়েছেন, 'ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।'
