নামাজে হাঁচি দিলে করণীয়
মো. খাইরুল ইসলাম, গলাচিপা, পটুয়াখালী
প্রশ্ন : এশার পরবর্তী দুই রাকাত সুন্নত আদায়ের সময় হাঁচি চলে আসে এবং সাধারণ অভ্যাস অনুযায়ী আলহামদুলিল্লাহ বলে ফেলি। আলহামদুলিল্লাহ বলার কারণে আমার নামাজ কি নষ্ট হয়ে গেছে?
উত্তর : নামাজে হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলতে হয় না। তবে কেউ বলে ফেললে নামাজ নষ্ট হবে না। তাই আপনার উক্ত নামাজ নষ্ট হয়নি। -ফাতাওয়া খানিয়া : ১/১৩৬
তাশাহহুদের বদলে সুরা ফাতেহা পড়লে করণীয়
মো. রাশেদ হাসান, মগবাজার, ঢাকা
প্রশ্ন : এশার নামাজে ইমামতি করছিলাম। প্রথম বৈঠকে তাশাহহুদের বদলে ভুলে সুরা ফাতেহা পড়ে ফেলি। পরে তাশাহহুদ পড়ে যথানিয়মে নামাজ শেষ করার পূর্বে সাহু সিজদা দিয়ে নিই। আমার নামাজ কি হয়েছে?
উত্তর : তাশাহহুদের পূর্বে ভুলে সুরা ফাতেহা পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। আপনি যেহেতু নামাজ শেষে সাহু সিজদা দিয়েছেন তাই আপনার উক্ত নামাজ সহিহ হয়েছে। -খুলাসাতুল ফাতাওয়া : ১/১৭৭
