টানা চতুর্থবার সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসেছেন। গণভবন থেকে সড়কপথে সকাল ৯টার কিছু পরে রওনা হয়ে দুপুর ১২টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
এদিন দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগণও জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী আলাদা করে ছোটবোন শেখ রেহানাকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীরা সকাল থেকেই জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় এসে হাজির হতে থাকেন তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য।
টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা এখন খুশির জোয়ারে ভাসছেন। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস্তায় রাস্তায় ব্যানার,ফেস্টুন, গেট তৈরি করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াসহ জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী দিনের প্রথম ভাগের কর্মসূচী শেষ করে দুপুরের বিশ্রামের পর বিকেল ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন।
এদিন তিনি টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করবেন এবং আগামীকাল রোববার বেলা আড়াইটায় কোটালীপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ওই দিন বিকেলে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করবেন।
