ঢাকা উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কাইয়ুমকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। গত শুক্রবার বিকেল ৪টার দিকে ইমিগ্রেশন অ্যাক্টে তাকে আটক করা হয়। গতকাল শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে পুলিশ এম এ কাইয়ুমকে আটক করে নিয়ে যায়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করেছেন।
কাইয়ুম জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) স্ট্যাটাস নিয়ে দীর্ঘ দিন থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন দাবি করে তার স্ত্রী শামীম আরা বেগম বলেন, ভুল তথ্যের ভিত্তিতে কাইয়ুমকে আটক করা হয়ে থাকতে পারে। ২০১৫ সাল থেকে এম এ কাইয়ুম মালয়েশিয়া আছেন। তিনি জাতিসংঘের শরণার্থী হিসেবে তালিকাভুক্ত। বিএনপির এই নেতা দ্রুত মুক্তি পাবেন বলে আশা পরিবারের।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার। এ ঘটনায় একই দিন তার সহযোগী আইসিসিওর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হেলেন ভেন ডার বিক বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ২০১৬ সালের ২২ জুন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী ৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। কাইয়ুম ওই মামলায় অভিযুক্ত আসামি। পরে একই বছরের ২৫ অক্টোবর ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
