অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রতিশ্রুতি

চ্যালেঞ্জ মোকাবিলায় সময় চান অর্থমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে জানিয়ে তা মোকাবিলায় পদক্ষেপ নিতে সময় চান নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘চ্যালেঞ্জের কথা আমরা সবাই জানি; এখন সেগুলো সমাধান করতে হবে।’ তবে অগ্রাধিকার হিসেবে এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন তিনি।

দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় কীভাবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব। মিলেমিশে কাজ করতে হবে। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এখন আমাদের প্রথম অগ্রাধিকার।’

অর্থ পাচার রোধ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ পাচার রোধে কাজ করা হবে। পরিকল্পনা নিতে সময় লাগবে। আমি তো মাত্র এলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।’

টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে; আমাদের অতটা হয়নি। অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে; দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না।’

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’

অর্থনীতির সংকট মোকাবিলার কৌশল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় কী হবে সাংবাকিদদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বোঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত