ব্যাংকের ঋণ পরিশোধ না করায় চার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:০২ এএম

ইস্টার্ন ব্যাংকের ২৪ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় চার সহোদর ব্যবসায়ীকে পাঁচমাসের দেওয়ানী আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে, আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম চৌধুরী।

আটকাদেশ পাওয়া চার সহোদর নগরের হালিশহর থানাধীন পূর্ব রামপুরা বরফকল এলাকার ওসমান গণি সওদাগরের ছেলে। তারা হলেন মোহাম্মদ মোকতার, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আসলাম এবং মোহাম্মদ আসিফ।  তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘ইব্রাহিম এন্ড ব্রাদার্স’। এটি নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় অবস্থিত। 

অর্থঋণ আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৩ জুলাই চার সহোদরের বিরুদ্ধে পাঁচমাসের দেওয়ানী আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। কিন্তু এই আদেশের বিরুদ্ধে দায়িকরা (চার ভাই) রিট মামলা করলে অর্থঋণ আদালতের দেওয়া আটকাদেশ খারিজ করে রুল ইস্যূ করেন হাইকোর্ট। গত বছরের ৩০ আগস্ট রুল খারিজ করে স্থগিত আদেশ প্রত্যাহার করে নেন হাইকোর্ট।

সূত্রটি জানায়, ২০১৫ সালে ইস্টার্ন ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় চার সহোদরের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালত মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। ২০২১ সালের ২৮ মার্চ ১২ শতাংশ হারে সুদের ডিগ্রি প্রদান করেন আদালত। ঋণ পরিশোধ করেননি তারা। একই বছরের ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে প্রায় ২১ কোটি টাকা আদায়ের জন্য জারি মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। 

এদিকে ওই চার ভাই ডিগ্রিদার বরাবর তথা ইস্টার্ন ব্যাংকের কাছে সম্পত্তি বন্ধক রাখলেও ঋণ পরিশোধে এগিয়ে আসেননি। ডিগ্রিদারও তাদের (দায়িক) বন্ধকী সম্পত্তি থেকে ঋণ আদায়ে সক্ষম হয়নি। এই অবস্থায় গত ৩১ ডিসেম্বর পর্যন্ত চার সহোদরের কাছে ডিগ্রিদার বা ইস্টার্ন ব্যাংকের পাওনা দাঁড়ায় ২৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৬১ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত