খুলনা বিভাগের দুই এক জায়গায় আগামীকাল ও পরশু রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারা দেশে আজ রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামীকাল রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা ফের হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
