স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সবকিছুতে ফেল করে তারা এখন আবার পুনঃ মূষিক ভবঃ। এগুলো হাস্যকর বিষয়। সবকিছুতে ফেল করে তারা এখন উল্টো কথা বলছে। তারা কত কিছু করল, আমাদের নিয়ে কত কিছু করার জন্য কত দেশের হাতে পায়ে ধরল। কিন্তু কিছুই পারল না।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি বলেছে আওয়ামী লীগ বিদেশিদের ভর করে ক্ষমতায় এসেছে- এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, তারাই বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। সনসন দিয়ে ফেলল, কত কিছু করে ফেলল- সবকিছুতে ফেল করে তারা এখন উল্টো কথা বলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন। বঙ্গবন্ধুর নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়- সেই নীতি আমরা ফলো করছি। আমরা মনে করি সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।
বিদেশ থেকে চাপ আসতে পারে বলে কি সরকার মনে করছে? এ বিষয়ে তিনি বলেন, আমি তো দেখছি না আপনি (সাংবাদিক) কোথায় দেখছেন আমি তো জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই। সারাদেশে আলোচনা হচ্ছে বিষয়টি। আলোচনাকে অনেকেই অনেক কিছু বলে- এসবের কোনো মানে নেই বলেও জানান তিনি।
