এ যেন ‘এলেন, দেখলেন, জয় করলেন’। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভোরে মুখোমুখি হয়েছিলেন নারীদের ষষ্ঠ বাছাই তিউনিসিয়ার ওনস জাবেউর ও ৪৭তম বাছাই রাশিয়ার ১৬ বছর বয়সী মিরা আন্দ্রিভা। মাত্র ৫৪ মিনিটের ব্যবধানে সবাইকে চমকে দেন আন্দ্রিভা। সরাসরি সেটে হারান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম রানার আপ জাবেউরকে।
ম্যাচশেষে আন্দ্রিভা জানান, ‘আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। ডব্লিউটিএ ট্যুরের আগে আমি সবসময় জাবেউরের ম্যাচ দেখতাম। তিনি আমার কাছে অনুপ্রেরণার আরেক নাম।’ এদিন ৬-০, ৬-২ সেটে ম্যাচ জেতেন আন্দ্রিভা।
গত বছর ফ্রেঞ্চ ওপেন দিয়ে কোনো মেজর টুর্নামেন্টে নাম লেখান আন্দ্রিভা। তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন ওই আসরে। গত ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কোকো গফের কাছে হেরে গিয়েছিলেন তিনি । এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে জাবেউরকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন আন্দ্রিভা। শীর্ষ দশে থাকা কাউকে এই প্রথমবারই হারালেন আগামীর তারকা মিরা আন্দ্রিভা।
