সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে রিয়াদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি প্যানেলে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা বা চুক্তির অংশ হিসেবে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি না – এমন প্রশ্নের জবাবে যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেন, 'অবশ্যই (দেবে)'। আঞ্চলিক শান্তির অর্থ, ইসরায়েলের জন্যেও শান্তি– আমরা এর সঙ্গে একমত। কিন্তু, কেবলমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে– ফিলিস্তিনিদের জন্যেও শান্তি নিশ্চিত করার মাধ্যমে এটি সম্ভব হবে।"
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 'আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি, গাজার বিষয়ে এটি আরও বেশি প্রাসঙ্গিক।'
রিয়াদের চিন্তা-ভাবনার সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েল বোমাবর্ষণ ও হামলা শুরু করলে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ বড় ধাক্কা খায়। এতে দেশটির কূটনৈতিক অগ্রাধিকার পাল্টে যায়।
সূত্র দুটি রয়টার্সকে বলেছে, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন উদ্যোগ কিছুটা বিলম্বিত হতে পারে।
