নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানের ভেতরে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসযাত্রীসহ আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতরা হলেন-আবদুর রহীম (৫০), গোপাল আশ্চর্য (৫০) ও নজরুল ইসলাম (৩৫)।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সবুজ চৌধুরী বলেন, রাত ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলা থেকে জেলা শহর মাইজদীগামী যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে যায়। এতে সড়কের পাশে থাকা একটি ফার্মেসী ও মুদি দোকানে ঢুকে পড়ে। বাসটি দোকানে ঢুকে গেলে ওষুধ ও মুদি দোকান ভেঙে তছনছ হয়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই দোকানিসহ ১০জন আহত হন। অপরদিকে,পল্লী বিদ্যুতের দুটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সাংবাদিকদের জানান, আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পুলিশ ঘটনাস্থলে আছে।
×
