প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার ২০ হাজার টাকার মোচলেকায় জামিন মঞ্জুর করেন।
গত ১৫ জানুয়ারি রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। রাসেল আত্মসমর্পণ করে জামিন নিলেও তার স্ত্রী শামীমা নাসরিন জামিন নেননি। যদিও মামলাটি জামিনযোগ্য।
বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন ইভ্যালির বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কিনতে দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তা সরবরাহ করা হয়নি। এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক দেয়। চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সর্বশেষ গত বছরের ২২ অক্টোবর তাদের লিগ্যাল নোটিস পাঠানো হয়।
