কিশোরগঞ্জ ও নওগাঁ জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলাসহ মোট ১০টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে আজ ডিমলায় ৮.২, তেঁতুলিয়া ও নিকলিতে ৮.৭, বদলগাছীতে ৯.৫, সৈয়দপুর ও রাজারহাটে ৯.০, রংপুরে ৯.৯, শ্রীমঙ্গলে ১০.২, সিলেট ও মাদারীপুরে ১০.৫, রাজশাহীতে ১০.৬, ঈশ্বরদীতে ১০.৮, সীতাকুণ্ডে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে কাল
মাঘের তীব্র শীতে বৃষ্টির হানা যশোরে 