মাঘের তীব্র শীতে বৃষ্টির হানা যশোরে 

  • সকাল ১০টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ পিএম

তীব্র শীতের মধ্যে যশোরে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে শীতের প্রকোপ আরও বেড়েছে। যশোর বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান বিমান ঘাঁটি নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস থেকে জানা গেছে, ভোর ৫টা ২৯ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। এদিন সকাল প্রায় ৯টা পর্যন্ত মুষলধারায় বৃষ্টি হয়। এরপর থেকে চলছে ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং আকাশ মেঘলা রয়েছে। সেই সাথে মৃদু কুয়াশা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৭ মিলিমিটার।

তাপমাত্রা গতকালের চেয়ে বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হলেও বৃষ্টিতে শীতের প্রকোপ বেড়েছে। রাস্তায় লোক চলাচল কম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমেছে উপস্থিতি। গতকাল বুধবার যশোরে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মাঘের এই বৃষ্টিতে বোরো আবাদের জন্য আশীর্বাদ হলেও সরিষার জন্য ক্ষতি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার। তিনি জানান, বৃষ্টিতে সরিষার ফুল ঝরে যায়। বৃষ্টি যদি একাধিক দিন স্থায়ী হয় তবে ক্ষতির পরিমাণ বাড়বে সরিষার আবাদে। এছাড়া ক্ষতি আলুর জন্যও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত