আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক বাংলাদেশকে সার্বিকভাবে সহায়তা করবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর দেশের মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার ইত্যাদি ক্ষেত্রে সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, দেশের আর্থিক খাতে সংস্কার দরকার বলে বিশ্বব্যাংক জানিয়েছে। এ বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন কান্ট্রি ডিরেক্টর। সংস্কারের খাতগুলো সম্পর্কে জানতে চাইলে আবুল হাসান মাহমুদ আলী সুনির্দিষ্ট কোনো খাতের কথা উল্লেখ করেননি। তিনি বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।
আবদুল্লায়ে সেকও সাংবাদিকের সঙ্গে কথা বলেন। বিশ্বব্যাংকের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর সঙ্গে আমাদের একটা ভালো বৈঠক হয়েছে। আমরা বাংলাদেশকে সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। আপনারা জানেন, এই সহায়তা অনেক বড় ও জোরালো। আন্তর্জাতিক আর্থিক সংস্থা হিসেবে বাংলাদেশকে সহায়তায় আমরা অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার মধ্যে অর্থায়ন যেমন ছিল, তেমন সংস্কারের বিষয়টিও ছিল। কারণ সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সংস্কার এজেন্ডা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।
আব্দুল্লায়ে শেক জানান, স্বাধীনতার পর বাংলাদেশকে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি আরও ১ হাজার ৬০০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
