টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল একই কারণে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। গতকাল শুক্রবার এই আট দেশের শীর্ষ নেতারা ভিন্ন ভিন্ন বার্তায় অভিনন্দন জানান।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শেখ হাসিনাকে পাঠানো বার্তায় বলেন, ‘পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার উপস্থিতি ও আপনার ওপর থাকা বিশ্বাসকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করতে পারি, বৈশ্বিক সমস্যাগুলোতে আপনাকে পূর্বের ন্যায় পাব। যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো।’
বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে জাতিসংঘ শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন গুতেরেস।
গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই উচ্চপদে পুনর্নির্বাচিত হওয়া আপনার দেশের জন্য আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি দেশের জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিফলিত করে। মিসর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অভিনন্দনপত্রে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার বিজয়ী হওয়ার নজির হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তার সরকারের উল্লেখযোগ্য অর্জন। শেখ হাসিনার পঞ্চম মেয়াদে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য সাফল্য কামনা করেন তিনি।
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অভিনন্দন বার্তায় তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী হিসেবে আপনি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আপনার দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
এ ছাড়া পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
