ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় লেগুনার অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের খারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল এবং রাজধানী ঢাকা ও ঢাকার নবাবগঞ্জে আলাদা আলাদা দুর্ঘটনায় আরও অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে গত বছর সারা দেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছে। এই হিসাবে দিনে গড়ে প্রায় ১৪ জনের মৃত্যু হয়। তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে গত বছর ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।
ফরিদপুরে গতকালের দুর্ঘটনায় নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম হাবু (৪০) ও সিরাজুল ইসলাম (৪২)। নিহত আরেকজন পুরুষ।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি খাইরুল আনাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস গোপালগঞ্জের মোকসেদপুরগামী সবুজ বাংলা নামে যাত্রীবোঝাই একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে লেগুনার চার যাত্রী নিহত হন। নিহত সবার বাড়ি ফরিদপুর জেলায়। এ ঘটনায় আহত হন লেগুনার ছয় যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অভিজিৎ হালদার অভি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। অভি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী অভির গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। সহপাঠীরা জানান, দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা ফিরছিলেন অভি। পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান অভি।
মৌলভীবাজারে গতকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও ছয়জন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও একই এলাকার মধু মিয়া (৬৫)। তাদের দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও ছয়জন আহত হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় প্রাইভেট কারচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বিকেলে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শিমুল (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হতাহতরা মোটরসাইকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া আন্ডারপাসে ঢাকাগামী একটি প্রাইভেট কার ওই মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এ সময় শিমুল আন্ডারপাসের ওপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত রাকিবকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইলে তেলবাহী লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, রাতে তেলবাহী লরিটি এলেঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঢাকার নবাবগঞ্জের চালনাই চক এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় মো. বাদশা মিয়া (৬৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার রাইপাড়া ইউনিয়নের পুদ্দারবাড়ি এলাকার বাসিন্দা। তিনি চা বিক্রেতা ছিলেন।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় ট্রাকচাপায় সজীব রহমান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে সজীবকে মৃত ঘোষণা করেন। তিনি রাইদা পরিবহন বাসের চালক ছিলেন।
প্রতিবেদনটি সংশ্লিষ্ট জেলাগুলোর পাঠানো তথ্যে তৈরি
