শপথগ্রহণ শেষে অফিস করতে শুরু করেছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যাচ্ছেন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। এতে বিভিন্ন সাইজের ফুলের তোড়ায় ভরে গেছে সচিবালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর। গত রবিবার থেকে শুরু হওয়া ফুলের শুভেচ্ছার এ পর্ব চলে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার পর্যন্ত। সচিবালয়ের একটি সূত্র জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেওয়া এসব ফুল পরিষ্কার করতে অন্তত ১০টি পিকআপ ভ্যান ভাড়া করতে হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।
শপথগ্রহণের পর গত রবিবার থেকে নিজেদের দপ্তরে যেতে শুরু করেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। সেদিন থেকেই সচিবালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে। গত বৃহস্পতিবারও কোনো কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীর কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় অব্যাহত ছিল। অবশ্য রবি, সোম ও মঙ্গলবার শুভেচ্ছা বিনিময় হয়েছে বেশি। যে যেভাবে সুযোগ করতে পেরেছেন সচিবালয়ে গিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হাতছাড়া করতে চাননি। সেই সঙ্গে সেলফি তোলাও মিস করেননি কেউই। ফলে গত কয়েক দিনে বিভিন্ন সাইজের ফুলের তোড়ায় ভরে যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর। এর মধ্যে এমনও হয়েছে কোনো কোনো মন্ত্রী ফুলের তোড়া নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছেন। কেউ কেউ ফুলের শুভেচ্ছা না জানানোর অনুরোধও করেছেন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় হয়তো হাঁপ ছেড়ে বেঁচেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। তবে কয়েক দিনের বাসি ফুল সরানোর চাপটা পড়েছে সচিবালয়ের ঘাড়ে।
সচিবালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, শুভেচ্ছা বিনিময়ের দামি ফুলের বাসি তোড়া পরিষ্কার করতে ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। অন্তত ১০টি পিকআপ ভ্যান ভাড়া করতে হয়েছে বাসি ফুলের তোড়া পরিষ্কার করতে।
অবশ্য নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার (ইডেন বিভাগ) দেশ রূপান্তরকে বলেন, আমার জানা মতে, বাড়তি অর্থ ব্যয় ও বাড়তি কোনো পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিতে হয়নি। স্ব স্ব মন্ত্রণালয়ের অধীনে পরিচ্ছন্নতাকর্মীরাই বাসি ফুল ও ফুলের তোড়া পরিষ্কারের কাজ করেছে।
