শীতজনিত রোগে এক সপ্তাহে ৪ শিশুর মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:২২ এএম

শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহের মধ্যে চার শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। রোগী বাড়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

খোঁজ নিয়ে জানা গেছে, শীতজনিত রোগে গত সাত দিনে (১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি) ১৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এই সাত দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। তারা জ¦র ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের গত ১৯ দিনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে ও ভর্তি ছাড়া সাড়ে পাঁচ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছে। এ সময়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লক-জে-এর শিশু বিভাগে ৫৫ শিশু চিকিৎসারত ছিল। যদিও এ বিভাগে শয্যা ৩৬টি। অর্থাৎ এ ওয়ার্ডে ১৯ শিশু অতিরিক্ত ভর্তি রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগীকে সেবা দিচ্ছেন চার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। শিশু ওয়ার্ডে শয্যা কমসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। তবে এ সময়ে যে কেউ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। তাই রোগ থেকে রেহাই পেতে গরম কাপড় ব্যবহার, যতটা সম্ভব ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা জরুরি। আর শিশুদের ঠান্ডা বাতাস থেকে দূরে রাখা, সেই সঙ্গে ধুলাবালি থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত