‘দেশে বিদেশে সরকারের বৈধতা তৈরি হবে না’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ এএম

সংসদ ভেঙে দিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে গনতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) গালি দিয়ে দেশে-বিদেশে সরকারের বৈধতা তৈরি হবে না।’

গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টনে মেহেরবা প্লাজার সামনে এক সমাবেশে তারা এ কথা বলেন।

নেতারা বলেন, যে সংবিধান মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের ন্যূনতম বাঁচার স্বাধীনতা নষ্ট করে সেই সংবিধান এ দেশের সংবিধান না, এই সংবিধান শেখ হাসিনাকে ক্ষমতায় রাখারই সংবিধান। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে গিয়ে যা ইচ্ছে তাই করা হচ্ছে সংবিধানের নামে। সেজন্য এমনকি আওয়ামী লীগ সরকার ভুলেই গেছেন যে একটা সংসদ শপথ নিলে আরেকটা সংসদ বহাল থাকে না।

নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল মিছিল শেষে সমাবেশে নেতারা অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।

নেতারা আরও বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করে বলে বেড়াচ্ছেন যে আগামী সাত দিনের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেবেন। এবং মন্ত্রীরা সেটা না পারলে নাকি তাদের ডিম ও জুতা ছুড়ে মারা যাবে। জনগণ এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত