জয়ের ধারায় আবাহনী মোহামেডান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১২:৫৬ এএম

জয়ের ধারা অব্যাহত রেখেছে দেশের ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনী শনিবার শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারায় ৩-১ ব্যবধানে। আর মোহামেডান ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের অপর ম্যাচে ভালো অবস্থায় থেকেও জিততে পারেনি ব্রাদার্স, ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

শনিবার শেষ হয়েছে লিগের চতুর্থ রাউন্ড। চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার ওপরে টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১০ পয়েন্ট নিয়ে ঠিক তাদের পরেই আছে মোহামেডান। চার ম্যাচের তিনটিতে জিতেছে আলফাজ আহমেদের শিষ্যরা। ড্র হয়েছে একটি। অন্যদিকে প্রথম দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারিয়ে সাদামাটা শুরু করা আবাহনী লিমিটেড পরপর দুই জয়ে ফিরেছে কক্ষপথে। চার ম্যাচে দুই জয়, এক ড্র ও এক হারে সাত পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে তিনে। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ চারে।

গোপালগঞ্জে আবাহনীকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি শেখ রাসেল। দ্বাদশ মিনিটে ব্রাজিলিয়ান প্লে-মেকার জোনাথন ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় আবাহনী। ১৮ মিনিটে নিহাদ জামান উচ্ছ্বাসের হেড পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরা হয়নি রাসেলের। ৩২ মিনিটে পোস্ট বাধা হয়ে দাঁড়ায় ফার্নান্দেজের সামনে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে তার বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক গোলমুখে পাঠিয়ে কর্নেলিয়াসকে দিয়ে গোল করান ওয়াশিংটন। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আবাহনী। ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালিয়ে ৭৩ মিনিটে সফল হয় শেখ রাসেল। চন্দন রায়ের কর্নারে হেড করে ব্যবধান কমান সুমন রেজা। তবে ৮৬ মিনিটে ফার্নান্দেজের ক্রসে আলতো টোকায় ৩-১ করেন আগের ম্যাচে আবাহনীকে জেতানো কর্নেলিয়াস।

ময়মনসিংহে মোহামেডানকে জয় পেতে ভালো বেগ পেতে হয়েছে। ২৭ মিনিটে দিয়াবাতের সহায়তায় মোহামেডানকে এগিয়ে নেন জাফর ইকবাল। তবে সাত মিনিট পর পালাসিওস অসাধারণ গোলে পুলিশকে ম্যাচে ফেরান। দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে ৭০ মিনিটে লিড পুনরুদ্ধার করে মোহামেডান। দিয়াবাতের সেট-আপে দূরপাল্লার ভলিতে গোল করেন উজবেক প্লে-মেকার মুজাফফরভ। এর আট মিনিট পর দিয়াবাতে নিজেই মোহামেডানকে দেন ৩-১ গোলের লিড। ৮৪ মিনিটে শাহেদ হোসেন ডাইভিং হেডে গোল করে কেবল হারের ব্যবধানটাই কমাতে পারেন।

মুন্সীগঞ্জে তলানির দুই দল ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটা জমে ওঠে শেষ মুহূর্তে। ২-২ ড্রয়ে দুই দলের সংগ্রহ সমান দুই পয়েন্ট। চট্টগ্রাম আবাহনী ৯-এ, ব্রাদার্স ১০-এ। এই ম্যাচে ব্রাদার্স জিততে পারত অনায়াসে। ম্যাচের ১২ ও ৫৩ মিনিটে গোল করে ব্রাদার্সকে ২-০ তে এগিয়ে নিয়েছিলেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। তবে ৮০ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও দুই মিনিট পর নাসিরউদ্দিন চৌধুরী গোল করে স্বাগতিকদের এক পয়েন্ট এনে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত