গাড়ি নয়, হেঁটে মানুষের খোঁজ নেবেন এমপি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ এএম

গাড়িতে চড়ে নয়, হেঁটে নিজের সংসদীয় আসনের সাধারণ মানুষের খোঁজখবর রাখবেন বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কোনো লোক নেই। আমার কোনো লোক থানায় গিয়ে তদবিরও করবে না। আমি হয়তো মাঝেমধ্যে থানায় গিয়ে খোঁজ নেব আমার উপজেলা কেমন আছে। আর আমি গাড়িতে করে নয়, আমি হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নেব। প্রতিটি পাড়া-মহল্লা আমার পরিচিত।’ গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলোচিত এই সংসদ সদস্য।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি সংসদ সদস্য থাকাকালে আমার অর্ধেক সময় চলে যাবে সচিবালয়ে শুধু তদবির করতে। কারণ আমি জনগণকে কথা দিয়েছি, আমি উন্নয়ন করব, আমি পরিবর্তন করব। এখানে দুজন মন্ত্রী থাকার পরও যে কাজগুলো হয়নি, আমি সেই কাজগুলো করতে চাই।’

স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘হাসপাতাল যেন অস্বাস্থ্যকর না হয়। তিন মাসের মধ্যে মাধবপুর উপজেলা হাসপাতালকে নতুন রূপে দেখতে চাই। কোনো সেবা গ্রহীতার অভিযোগ শুনতে চাই না।’

মাদক সেবন প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘ধর্মঘর ইউনিয়নে মাদকের কারবার বেশি চলে শুনেছি। আজকের পর থেকে আমি আর এ কথা শুনতে চাই না। আমার কোনো লোক থানায় গিয়ে তদবির করবে না।’

এ সময় তিনি কৃষি বিভাগকে উদ্দেশ্য করে বলেন, ‘পরিপত্র ছাড়া কোনো ধরনের কাঠের গাছ লাগানো যাবে না। কাঠের গাছ লাগানো মানে হচ্ছে একটা হরিলুট। দুই-তিন বছর পরে গাছ কাটা হয়, এরপর এগুলো শেষ হয়ে যায়। এখন থেকে সরকারি পরিপত্রের পর শুধু ফলের গাছ লাগাবেন। যাতে করে ভবিষ্যতে প্রতিটি মানুষের জন্য কাজে লাগে।’

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক মেয়র শাহ মো. মুসলিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত