রমজানের পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম

রমজানে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রমজানের পণ্যের কোনো সংকট নেই। কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (২১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, রমজান আসছে। আমরা সর্বশেষ পরিস্থিতি দেখলাম, কোনো শর্টেজ নেই। রজমানের সময় যেসব আইটেম লাগে। চিন্তার কোনো কারণ নেই। শর্টেজেরও কোনো কারণ নেই। কিছু মহল চেষ্টা করে কীভাবে সিচুয়েশনকে ডিস্টাবলাইজ করা যায়। যেখানে মার্কেট ইকোনমি অপারেট করছে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। প্রয়োজনে সরকার কঠোর হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কঠোর পদক্ষেপ হবার মতো পরিস্থিতি হয়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত