রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভের বিপক্ষে স্বরাষ্ট্রের হয়ে ব্যাটিংয়ে নেমে অনবদ্য কীর্তি করেছেন চেতেশ্বর পুজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ২০ হাজার রানের ক্লাবে পা রাখলেন ৩৫ বছর বয়সী এ ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। এই ক্লাবে তার সঙ্গী বাকি তিনজন হলেন ভারতীয় ক্রিকেটের তিন ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার, শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়।
২০ হাজার থেকে ৯৬ রান কম নিয়ে শুক্রবার শুরু হওয়া ম্যাচটি খেলতে নেমেছিলেন ৩৫ বছর বয়সী পুজারা। প্রথম ইনিংসে তিনি আউট হয়ে যান ৪৩ রানে। আর আজ দ্বিতীয় ইনিংসে করেন ৬৬ রান। তাতেই ২০ হাজার পূর্ণ হয় পুজারার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের রান এখন ২০ হাজার ১৩, ব্যাটিং গড় ৫১.৯৮।
ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে থাকা গাভাস্কার ৩৪৮ ম্যাচে ৫১.৪৬ গড়ে করেন ২৫ হাজার ৮৩৪ রান। টেন্ডুলকার ৩১০ ম্যাচ খেলে করেছেন ২৫ হাজার ৩৯৬ রান। যেখানে তার গড় ৫৭.৮৪। আর ভারত দলের বর্তমান প্রধান কোচ দ্রাবিড়ের ২৩ হাজার ৭৯৪ রান আসে ৫৫.৩৩ গড়ে, ২৯৮ ম্যাচ থেকে।
পুজারা জাতীয় দলের হয়ে ১০৩ টেস্টের ক্যারিয়ারে করেছেন ১৯ সেঞ্চুরি ও ৩৫ ফিফটিতে ৭ হাজার ১৯৫ রান। ৪১টি রঞ্জি ট্রফির ম্যাচে ১২ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে তার রান ৩ হাজার ৮৫৯।
এ বছর রঞ্জির প্রথম ম্যাচেই ক্যারিয়ারের ১৭তম ডাবল সেঞ্চুরি হাঁকান পুজারা। আজ পূর্ণ করলেন প্রথম শ্রেণির ক্রিকেটে কুড়ি হাজার রান।
