উত্তর প্রদেশের অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকায় নিñিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তাবাহিনীদের তৎপরতায় পুরো শহরকে মুড়ে ফেলা হয়েছে। আজ সোমবার হিন্দুত্ববাদীদের বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন কেন্দ্র করে এমন কঠিন নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির উদ্বোধন করবেন।
ভারত তো বটেই, সম্ভবত বিশ্বের একটি বড় অংশের মানুষ ইতিহাসের বড় ট্র্যাজেডির অন্তিম মুহূর্ত প্রত্যক্ষ করতে যাচ্ছে। নব্বইয়ের দশকে হিন্দুত্ববাদী করসেবকদের হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার পর দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে জায়গাটিতে মন্দির নির্মাণের অনুমতি পায় হিন্দু ধর্মাবলম্বীরা। অনেকে রাম মন্দিরকে ভারতের ধর্মনিরপেক্ষতার ইতিহাসে অন্যতম বড় ক্ষত হিসেবে তুলে ধরছেন। ভারতের সাম্প্রদায়িক বিভাজনের বড় এক কারণ হিসেবে থেকে যাবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কংগ্রেসসহ কোনো বিরোধী দলই উদ্বোধনী পর্বে যাচ্ছে না।
নতুন মন্দিরকে কয়েক টন ফুল এবং নানা রঙের আলোয় সজ্জিত করা হয়েছে। মন্দির উদ্বোধনের মূল পর্বের অনুষ্ঠানের নাম ‘প্রাণ প্রতিষ্ঠা’, যা শুরু হয়েছে গতকাল রবিবার থেকে। পুরো শহরকে সাজানো হয়েছে নানাভাবে। শহরের রাস্তাগুলোয় উচ্চৈঃস্বরে বাজছে ‘রাম ধুন’। মানুষ ‘ভগবান’ রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের সাজে রাস্তায় বের হচ্ছেন। অযোধ্যার সাজসাজ রব রাজ্যসহ ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। অযোধ্যা নগরী ছেয়ে গেছে গেরুয়া পতাকায়। মানুষ সমস্বরে স্লোগান দিচ্ছে ‘জয় শ্রীরাম’। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, ‘পুরো দেশই ভগবান রামের নামে স্লোগান দিচ্ছে।’
আগামী লোকসভা নির্বাচন সামনে রেখে রাম মন্দির উদ্বোধনে নজর দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিরোধী দলগুলোর অভিযোগ, রাম মন্দির আবেগকে ভর করে বিজেপি হিন্দুত্ববাদী ভোটের হাওয়া নিজের দিকে টানতে চাইছে।
আজ দুপুর ১২টা ২০ মিনিটে নরেন্দ্র মোদি সাত হাজার লোকের জমায়েতের উদ্দেশে ভাষণ দেবেন। সাধু-সন্ন্যাসী, রাম মন্দির আন্দোলনে নিহতদের স্বজন, সিনে তারকা, ক্রীড়াক্ষেত্রের ব্যক্তিত্বের ব্যক্তিরাসহ নানা খ্যাতনামাদের সমাবেশ ঘটিয়েছে বিজেপি সরকার। সরকার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে এই অনুষ্ঠান।
১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা নিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গায় বহু মানুষের প্রাণ যায়। যে ঘটনায় লাভবান হয় হিন্দুত্ববাদী বিজেপি।
