নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সংকট বা সমস্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অনেকেই ধারণা করেছিলেন নির্বাচনের পর কূটনৈতিক সংকট নিয়ে। তবে নির্বাচনের পর তার কোনো সম্ভাবনা নেই।
আজ সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কূটনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একে আমি সংকট বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলব। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেইরকম কোনো সম্ভাবনাই নেই।
মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে। সেসব উন্নয়ন অংশীজনদের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টিকরণ এগুলো সব সময়ই প্রয়োজন হয়। যেসব সমস্যা ও আইনে যে অবকাঠামো সেটা অনেক দিন আগে থেকেই প্রায় এক।
তিনি বলেন, আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সে সব পরিবর্তন আমাদের দেশেও সম্ভাবনা আছে কিনা এবং আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি। বিশেষ করে যেটা আলাপ করেছি- ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে বলেও জানান তিনি।
