সাভারের আশুলিয়ায় একটি দোতলা বাড়ির গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কোটি টাকার মালামাল লুটে নিয়ে গেছে। গতকাল সোমবার রাত ৪টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মান্নান মোল্ল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মান্নান বলেন, ‘আমরা ভবনের দোতলায় বসবাস করি। রাতে দোতলা ডুপ্লেক্স বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ হলে আমি নিচে নেমে আসি। নিচতলায় আসা মাত্র তিন থেকে চারজন ডাকাত আমাকে ধরে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে মারধর করে। পরে তারা বাড়ির আলমারি ভেঙে নগদ ২৮ লাখ টাকা ৭০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।’
এলাকার বাসিন্দা সৈয়দ আলী জানান, ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় তাদের ১০ থেকে ১২ জনকে দৌড়ে বাড়ির দক্ষিণ দিকে যেতে দেখেছেন।
খবর পেয়ে সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার কিংবা ডাকাতির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ডাকাতদের আটকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ৪টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকার আমির দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল।
