চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ১০টায় ক্লাস শুরু হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে।
গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সময়সূচি এক ঘণ্টা পেছানো হলো। আপাতত স্কুল শুরু হবে সকাল ১০টায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এ নিয়ম চলবে। জানা যায়, মধ্য জানুয়ারি থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। রাজশাহী, রংপুর বিভাগসহ দেশের একাধিক অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল দিনাজপুর ও বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় অনেক জেলায় স্কুল বন্ধ রাখা হচ্ছে।
এর আগে গত ১৬ জানুয়ারি অপর এক আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছিল, কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে স্কুল বন্ধ থাকবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে।
