দুই মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিসরের প্রতিনিধিদের মাধ্যমে গাজায় দুই মাস যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছে ইসরায়েল। দেশটির পার্লামেন্ট (নেসেট) অধিবেশনে জিম্মিদের স্বজনদের হামলার পর এই খবর সামনে এল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল ১৩৬ জন জিম্মির পর্যায়ক্রমে মুক্তি চায়। জিম্মিদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং অসুস্থ অবস্থায় রয়েছেন, সবার আগে তাদের মুক্তি চায় ইসরায়েল। বিনিময়ে হামাসের বিরুদ্ধে দুই মাসের জন্য সামরিক অভিযান বন্ধ রাখবে তারা।
পাশাপাশি গাজার প্রধান শহরগুলোয় ইসরায়েলি সেনাদের উপস্থিতি হ্রাস করা হবে এবং যুদ্ধ শুরুর পর উপত্যকার যেসব ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছে তাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, এই প্রস্তাবে যুদ্ধ শেষ করার বিষয়ে হামাসের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে দেশটি হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।
তবে জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে কয়জনকে মুক্তি দেওয়া হবে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি।
স্ত্রীসহ পাঁচ নারীকে অন্তঃসত্ত্বা করে যুবকের পার্টি