ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলার বুধন্তী ইউনিয়নে জামান ইটভাটায় ট্রাক্টরে ইট বোঝাই করাকে কেন্দ্র করে জালালপুর ও বুধন্তি গ্রামের দুই শ্রমিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সকাল ১১টার পর ওই শ্রমিকের পক্ষ নিয়ে জালালপুর গ্রামের ৪০/৫০ জন লোক বুধন্তি বাসস্ট্যান্ডে এসে লোকজনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রফিকুল ইসলাম কনফেকশনারীসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় এবং রাস্তায় থাকা একটি ট্রাক ও মোটরসাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) হাসান জামিল বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনও পক্ষই থানায় আসেনি। থানায় এলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
