চোখের রেটিনার সমস্যা নিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখান থেকে আজ (বুধবার) রাতেই দেশে ফিরবেন রংপুর রাইডার্সের এই তারকা ক্রিকেটার। এমনকি সিলেট পর্বেও রংপুরের হয়ে তার খেলার কথা রয়েছে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ ও বিদেশের চক্ষুবিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং চোখের বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে যে সাকিব বাঁ চোখে 'এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি' সমস্যায় ভুগছেন। রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা।
সাকিবের চোখের এই সমস্যা প্রথমে ধরা পড়ে গত বিশ্বকাপের সময়। ভারতেই দুজন চক্ষুবিশেষজ্ঞ দেখানোর পর তিনি দেশে এসেও শরণাপন্ন হয়েছিলেন চিকিৎসকদের। বিপিএলের ঠিক আগে যান লন্ডনে চিকিৎসক দেখাতে, এরপর রংপুরের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে এক ম্যাচ খেলেই চক্ষুবিশেষজ্ঞ দেখাতে যান সিঙ্গাপুরে।
