বকশিগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকার যাত্রী নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় মাহবুব আলী (২৬) নামে একজন আহত হয়েছেন। 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বকশিগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সড়ে ৯টার দিকে মনির মিয়া ও তার সঙ্গীরা বকশিগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে রৌমারীর দিকে রওনা হয়। সিএনজি চালিত অটোরিকশাটি ড্রাম ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মনির মিয়া ও মাহবুব আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন।

বকশিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওবাইদুল হক বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন’। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত