দেড় দশক পর বলিউডে ফিরছেন প্রীতি জিন্তা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

নব্বইয়ের শেষ দিকে শাহরুখ খানের নায়িকা হয়ে ‘দিল সে..’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন প্রীতি জিন্তা। মণি রত্নম পরিচালিত ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ের হাতেখড়ি তার। এর পরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হার দিল জো প্যায়ার কারেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নামাস্তে’, ‘বীর জারা’-র মতো সিনেমায় কাজ করেছেন প্রীতি। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় তারকাদের সঙ্গে।

তবে গত দেড় দশকে সিনেমার পর্দা থেকে দূরে ছিলেন বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। খবর, সেই বিরতির অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। শোনা যাচ্ছে, বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। 

খবর, ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’ মাধ্যমে পর্দায় ফিরছেন প্রীতি। সেই ছবির লুক টেস্টের জন্যই নাকি বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী।

এর আগে ‘হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমাতে সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি। গত বছর বক্স অফিসে সুপারহিট ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সানি। সেই ছবিতে আমিশা পাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি। ‘গদর ২’ ছবির সাফল্যের পর সানির সঙ্গে জুটি বাঁধার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন খোদ আমির খান। আমিরের প্রযোজনাতেই তৈরি হতে চলেছে ‘লাহোর ১৯৪৭’ ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত