চীনের দ্বিতীয় নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের ফাইনালে উঠেছেন ঝেং কিনওয়েন। আজ অস্ট্রেলিয়ার ওপেনে মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালে ইউক্রেনের ডায়ানা ইয়াসত্রেমস্কাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠা ঝেংয়ের সামনে আরেক ইতিহাসের হাতছানি। লি না'র পর চীনের দ্বিতীয় নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের সুযোগ তার সামনে।
তবে কাজটা খুবই কঠিন। ফাইনালে যে তার প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা আরিনা সাবালেঙ্কা। নারী টেনিসির দুনম্বর খেলোয়াড় ফাইনালে উঠেছেন প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গফকে হারিয়ে। সাবলেঙ্কা লড়বেন সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়ের ইতিহাস গড়তে।
ঝেংয়ের পূর্বসূরি লি না গ্র্যান্ড স্লামের চারটি ফাইনাল খেলেছেন। ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেনের পর জিতেছেন ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু ২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছেন কিম ক্লাইস্টার্সের কাছে। একই টুর্নামেন্টে তাঁর শিরোপার স্বপ্ন ভেঙেছে ২০১৩ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে। ঝেং কি পারবেন নিজের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল জিতে ইতিহাস গড়তে!
কিন্তু চাইনিজদের কাছে 'কুইন ওয়েন' নামে পরিচিত ২১ বছর বয়সী ঝেং খুবই আত্মবিশ্বাসী। সেমিফাইনাল জয়ের পর বলেছেন, ‘এমন অসাধারণ পারফরম্যান্স করে এবং ফাইনালে উঠে আমি খুবই রোমাঞ্চিত। আমার প্রতিপক্ষ অবিশ্বাস্য টেনিস খেলছিল...এই মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করা খুবই কঠিন।’
×
