৫০ ফুট নিচ থেকে এক সপ্তাহ পর উদ্ধার ফেরি রজনীগন্ধা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:৩৩ এএম

টানা এক সপ্তাহের চেষ্টার পর ৫০ ফুট পানির নিচ থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দুর্ঘটনাকবলিত ফেরিটিকে টেনে নিয়ে পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটের পাশে নোঙর করায়।

ফেরিটি উঠিয়ে এয়ার লিফটিং ব্যাগ ও ওয়্যার রোপ (শক্তিশালী তামার তার) দিয়ে বেঁধে ভাসিয়ে রাখা হয়। পরে শুরু হয় ফেরি থেকে পানি অপসারণ ও সংস্কারের কাজ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ দেশ রূপান্তরকে বলেন, ‘রাত ১১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের প্রায় ৩০০ মিটার দূর থেকে ফেরিটি উদ্ধার করা হয়। পরে ফেরিটি পাঁচ নম্বর ঘাটের পূর্ব পাশের দরিকান্দি এলাকায় নদীর পাড়ে নোঙর করে রাখা হয়।’ উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে বলেও জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।

তিনি আরও জানান, রজনীগন্ধা ডুবে যাওয়ার পর ফেরি ও ফেরিটিতে থাকা যানবাহন উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এরপর প্রত্যয় ও ঝিনাই নামে আরও দুটি উদ্ধারকারী জাহাজ উদ্ধারকাজে অংশ নেয়।

উদ্ধারকাজে অংশ নেওয়ার বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহপরান ইমন বলেন, ‘পদ্মায় নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। উল্টে থাকা ফেরিটিতে গত কয়েক দিনে ক্রমাগত পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরিটি ৩০০ টন ছাড়িয়ে যায়। একদিকে তীব্র শীত ও অন্যদিকে তীব্র স্রোতের কারণে ফেরিটি উদ্ধারে কিছুটা সময় লেগেছে।’

বিআইডব্লিটিএর সহকারী পরিচালক (জরিপ) সরফর উদ্দিন বলেন, ‘ডুবে যাওয়ার সময় ছোট-বড় নয়টি ট্রাক ছিল ফেরিটিতে। আমরা নয়টি ট্রাকই উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার করা যানবাহনগুলো ঘাটের পাশে রাখা হয়েছে। তবে ডুবে যাওয়ার ফলে যানবাহনে থাকা মালামাল নষ্ট হয়ে গেছে।’

গত ১৭ জানুয়ারি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের প্রায় ৩০০ মিটার দূরে ছোট-বড় নয়টি যানবাহন এবং চালক-হেলপারসহ ২১ ব্যক্তিকে নিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ হন ফেরিটির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবির। ঘটনার পাঁচ দিন পর হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত