সংসদ সদস্য শপথ বিতর্ক

স্পষ্টীকরণের বিষয়টি প্রয়োজন হলে দেখা হবে : আইনমন্ত্রী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৭ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথসহ সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে। তারপরও নীতিনির্ধারকরা সংবিধানের এ বিষয়ে স্পষ্টীকরণের প্রয়োজন মনে করলে বিষয়টি দেখা হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুল হক।

সংসদে এখন ৬৪৮ সংসদ সদস্য এমন বিতর্ক সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। এটি এখন সংবিধানে সন্নিবেশিত করা

হয়নি। এটি চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টি নিয়ে আলাপ করা হচ্ছে, এটির বোধ হয় খুব একটা গুরুত্ব নেই। তারপরেও আমি বলব, নীতিনির্ধারকরা যদি মনে করেন এখানে আরও স্পষ্টীকরণের প্রয়োজন আছে তাহলে দেখা যাবে।’

কোন জায়গাটা স্পষ্টীকরণ করা হবে এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমি এখনো জানি না। প্রয়োজনবোধ করলে তারপর কোন জায়গায় সেটা নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার মনে হয়, এখন যা হয়েছে, সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে।’

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই চুক্তির বিষয়বস্তু সৌদি আরবে পাঠানো হয়েছে। এখন সৌদি বিচার মন্ত্রণালয়ে সেটা আছে। এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’ চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এটি পারস্পরিক সহযোগিতার চুক্তি। সৌদি আরবে বাংলাদেশের অনেক কর্মসংস্থান আছে এবং সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য উন্মুখ। সেসব বিষয়ে তাদের সুবিধা, এখানকার ও সৌদি আরবের আইনের মাধ্যমে কীভাবে সমঝোতা ও সুরক্ষা এগুলো নিয়েই এই চুক্তিটা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত