‘উন্নয়নের বিজয় মেলায়’ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উন্নয়নের বিজয় মেলা নামের একটি আয়োজনে অশ্লীল নৃত্য ও জুয়া খেলার আসর বসানোয় সাত জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মেলা বন্ধ করে তিন জনকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে আড়াইহাজারের কৃষ্ণপুরা বৌবাজার এলাকার মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে চলে এ অভিযান।

জানা যায়, ২২ জানুয়ারি থেকে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর উন্নয়নের বিজয় মেলা করতে তার নেতৃত্বে ৮০ সদস্য বিশিষ্ট কমিটি করেন। তিনি মেলাটি চালু করেন। মেলার শুরু থেকে সেখানে জুয়া খেলা ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়। স্থানীয়রা বারবার প্রতিবাদ করলেও অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধ হয়নি। এতে সামাজিক অবক্ষয়ের আশঙ্কা তৈরি হলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করে।

এদিকে প্রশাসন অবহিত হওয়ার পর ইউএনও ইশতিয়াকের নেতৃত্বে রাতেই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পেয়ে ৪ জন নর্তকী ও ৩ জন জুয়াড়িকে আটক করে থানায় আনা হয়। পরে ৪ নর্তকীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের দণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিক মেলা বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, মেলায় প্রতিদিন লাখ লাখ টাকার জুয়ার আসর বসানো হয়। এ ছাড়া সন্ধ্যা নামলেই অশ্লীল নিত্য শুরু হয়, সঙ্গে বাজানো হয় উচ্চ শব্দে গান। এই অশ্লীল নিত্য ও গান চলে মধ্যরাত পর্যন্ত। এতে একদল উঠতি বয়সী তরুণ-তরুণীরা সন্ধ্যা নামলেই মেলামুখী হতে শুরু করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধার পলাশবাড়ির মোখলেস শেখের ছেলে মজনু শেখ (৩২), মাদারীপুরের সদরের নূর আহমেদ হাওলাদারের ছেলে বাদশা হাওলাদার (৫০) ও কিশোরগঞ্জের নিকলীর তারু মিয়ার ছেলে সালাহউদ্দিন (৩০)। এর মধ্যে সালাহউদ্দিনকে ২ দিনের ও বাকিদের ৩ দিনের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ নিয়ে ইউএনও ইশতিয়াক আহমেদ বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মেলা থেকে ৭ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩ জনকে জেল ও বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মেলাও বন্ধ করা হয়েছে।

অভিযুক্ত কমিশনার জাহাঙ্গীর বলেন, আমি মেলার আয়োজন করেছি তা সত্য। মেলার অশ্লীল নিত্য ও জুয়া খেলার বিষয়টি আমি জানতাম না।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত