প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ.লীগের ইশতেহার বাস্তবায়ন হবে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:১৩ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ইশতেহারের ওপর ভিত্তি করে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হবে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর প্রথম নিজ নির্বাচনী এলাকায় সফরে এসে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ সভা করেন তিনি।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কেমন বাংলাদেশ দেখতে চান, তার রূপরেখা হলো ইশতেহার।  ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছে। আগামী পাঁচ বছর আমরা কী কাজ করব, সেটার মূলমন্ত্র হলো ইশতেহার। তাই ইশতেহারে যে অংশগুলো আছে, সেগুলো আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী দুই-তিনটি বিষয়ে ইশতেহারে বেশি গুরুত্ব দিয়েছেন। এক. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুই. দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ আনা এবং সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ইশতেহারের যে কাজগুলো বাস্তবায়ন করতে হবে, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। এই রাঙ্গাবালীতেও ইশতেহারের মধ্যে যে কাজগুলো পড়ে, সেগুলো আমরা বাস্তবায়ন করব। উপজেলার কর্মকর্তারাও এই ইশতেহার ফলো করবেন।’ সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস শুরুর সময়ের মধ্যেই নিজ নিজ দপ্তরে আসতে হবে। আমি আমার মন্ত্রণালয়ে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে সারা দেশে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ৯টার মধ্যে অফিসে ঢুকল কি না, সেটা তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হতে চাই। অফিসে এসে অ্যাসাইনমেন্ট থাকলে যার যেখানে যাওয়া প্রয়োজন, সেখানে যাবে। কিন্তু আগে অফিসে আসতে হবে।’

এর আগে সকাল ১০টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিলে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজ এবং রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অস্থায়ী ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

এসব কর্মসূচিতে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন এমপিপতœী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত