ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। শনিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বালোচিস্তান প্রদেশের সারাভান শহরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি শহরের সিরকান এলাকায় একটি বাড়িতে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা করে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
হালভাশ নামে বেলুচিস্তানের একটি মানবাধিকার সংস্থা বলেছে, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা পাকিস্তানি শ্রমিক। তারা একটি গাড়ি মেরামতের দোকানে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
ঘটনার প্রতিক্রিয়ায় তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু বলেছেন, সারাভানে ৯ পাকিস্তানিকে হত্যার ঘটনায় গভীরভাবে মর্মাহত। দূতাবাস হত্যার শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে। সহযোগিতার হাত বাড়াতে ইরান সরকারের প্রতিও আহ্বান জানান পাকিস্তানি রাষ্ট্রদূত মুদাসসির। দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানান তিনি।
এই ঘটনাকে ভয়াবহ ও বর্ণনাতীত বলে এর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষী উপযুক্ত শাস্তির আহ্বান জানিয়েছে পাকিস্তান।
সম্প্রতি ইরান-পাকিস্তান দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি যখন শিথিল হচ্ছিল তখনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
