গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে সাত লাখ টাকার বিদেশী মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল শনিবার মধ্যরাতে পৌরশহরের মাওনা চৌরাস্তায় টহল টিম অবস্থান কালে জানতে পারে একটি বালি ভর্তি ট্রাকে এ সব মদ বিক্রয়ের জন্য নেওয়া হচ্ছে।
মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাথারপাড়ে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে বালির নিচ থেকে বিদেশি (ভারতীয়) মদ উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের সাথে থাকা ৬ জনকে আটক করে গোয়েন্দা পুলিশের দলটি।
আটকৃতরা হলেন— সাইফ শাহরিয়ার অভি (২৮) রেজাউল করিম (২৬) শহীদ মিয়া (২৫) আসাদুল রনি (২৬) আশরাফুল আলম (২৩) মিলন মিয়া (২৩) । তাদের মধ্যে ওই ট্রাকের চালক ছিল মিলন।
গোয়েন্দা সূত্র জানায়, নেত্রকোনার পূর্বধলার সীমান্ত এলাকা হয়ে দেশে এ সব মদ ঢুকছে। পরে মাওনা ও কালিয়াকৈর এলাকায় বিক্রির জন্য এসব মদ একটি বালি ভর্তি ট্রাকে করে হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালির নিচে রাখা ১২৫ বোতল মদ উদ্ধার করা হয়। তার বাজার মূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। তাদের দাবি এগুলো ভারতীয় বিভিন্ন কোম্পনিতে তৈরি মদ। সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এদেশে এগুলো প্রবেশ করেছে। পরে সেগুলো বিক্রির উদ্দেশ্যে এ এলাকায় আনা হয়েছিল।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। ট্রাক ও মদ পুলিশ হেফাজতে রাখা আছে। তিনি বলেন গ্রেপ্তারকৃতরা বড় মাপের মাদক ব্যবসায়ী। সীমান্ত এলাকা পাড় করে তারা এ সব মদ নিয়ে আসে। গ্রেপ্তারকৃতদরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
