বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২২ এএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে তিনি এ পুরস্কার পেয়েছিলেন। গতকাল রবিবার ওই পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠান জাকির তালুকদার। গতকাল নিজের ভেরিফাইয়েড ফেসবুকে আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি বলে অভিযোগ এই কথাসাহিত্যিকের। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেওয়া নিয়ে ফেসবুক পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ সঙ্গে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফরমের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেছেন তিনি।

বাংলা একাডেমি থেকে পুরস্কারে ভূষিত হওয়ার ১০ বছর পর তা ফেরত দিলেন জাকির তালুকদার। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি পরে প্রকাশ করবেন বলে ফেসবুক পোস্টের কমেন্টে জানিয়েছেন।

তার ওই পোস্টে অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আযাদ কালাম নামে একজন কমেন্টে লিখেছেন, ‘বদরুদ্দীন উমর বাংলা একাডেমিসহ কোনো পুরস্কারই গ্রহণ করেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের (তখন তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক) চাকরিটাও স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন সরকারের বিরোধিতা করতেন বলে। বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার আগেই ব্যক্তিগতভাবে জাকির তালুকদার আমাকে বলেছিলেন, বাংলা একাডেমি পেলে তিনি গ্রহণ করবেন না। কিন্তু গ্রহণ করেছিলেন। এর পক্ষে জাকির কিছু যুক্তিও দেখিয়েছিলেন, যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। জানি না ফেরত দেওয়ার জন্য তিনি কী ব্যাখ্যা দেন। আমরা যারা ‘বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত জাকির তালুকদার’ বলার জন্য বা লেখার জন্য পাগল থাকি, তাদের জন্য খুব মায়া লাগছে। পুরস্কারবিহীন জাকির তালুকদারের কী মূল্য আছে তাদের কাছে?

লেখক রাজু আলাউদ্দিন কমেন্টে লিখেছেন, ‘পুরস্কার ফেরত দেওয়ায় খুশি হলাম। কিন্তু কারণটা বললে ভালো হতো। অভিনন্দন, প্রিয় জাকির। এই সাহসটা একমাত্র আপনিই দেখালেন।’ এ ছাড়া আরও অনেকে এই সিদ্ধান্তে লেখক জাকির তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন।

জাকির তালুকদারের লেখায় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরাণের সংমিশ্রণ সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে। এ ছাড়া মহাকাব্যিক উপন্যাস ‘পিতৃগণ’ সমকালীন কথাসাহিত্যে একটি মৌলিক সংযোজন। ‘পিতৃগণ’ ছাড়া কুরসিনামা, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, ছায়াবাস্তব, কল্পনা চাকমা ও রাজার সেপাই তার উল্লেখযোগ্য গ্রন্থ।

জাকির তালুকদার বেড়ে উঠেছেন নাটোরে। তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত